কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, জুলাই–আগস্টের গণঅভ্যুত্থান ছিল স্বাধীনতা রক্ষার আন্দোলন। ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যেমন জনগণকে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিলেন, তেমনি গত বছর তারেক রহমান ও ছাত্র–জনতার নেতৃত্বে জনগণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে অপসারণ করে স্বাধীনতার চেতনা ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে।
শনিবার বিকেলে ছাত্র–জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র্যালি শেষে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাংকের পাড় মুক্তমঞ্চে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে বিএনপির ৪ শতাধিক নেতাকর্মী প্রাণ দিয়েছেন এবং হাজারো কর্মী গুম–খুনের শিকার হয়েছেন। এ আন্দোলন বিএনপির দীর্ঘদিনের সংগ্রামেরই বহিঃপ্রকাশ। স্বাধীনতাকে অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, জনগণ এখন সচেতন। বিগত ১৬ বছরে আওয়ামী লীগ বিচারব্যবস্থা থেকে শুরু করে সবকিছু নিয়ন্ত্রণে নিলেও প্রতিরোধের মুখে পড়েছে। বিএনপির নেতাকর্মীদের জনকল্যাণে কাজ করতে হবে এবং জনগণের সাথে দূরত্ব তৈরি হয় এমন কাজ এড়িয়ে চলতে হবে। বিএনপি রাতের ভোট বা সাজানো নির্বাচন চায় না, বরং জনগণকে সঙ্গে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে।
এর আগে জেলা বিএনপির আয়োজনে সরকারি কলেজ মাঠ থেকে বিজয় র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ ট্যাংকের পাড় মাঠে শেষ হয়। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এবিএম মোমিনুল হক, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। ঢাক–ঢোল ও ব্যানার–ফেস্টুন নিয়ে র্যালিটি ছিল উৎসবমুখর।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
