আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। শনিবার বিকেলে রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য দেন।
সকালে রংপুরে সংবাদ সম্মেলনে সিইসি বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং আরও উন্নতির পথে। ভোটারদের ভোটকেন্দ্রে ফেরানোই নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে সচেতনতা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান সিইসি।
তিনি আরও বলেন, অস্ত্রের চেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার। বিশেষ করে প্রশিক্ষণহীন ব্যক্তিরা সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ছড়াচ্ছেন, যা বিভ্রান্তি তৈরি করছে।
নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা পুনর্গঠন জরুরি উল্লেখ করে সিইসি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাই তাদের প্রধান লক্ষ্য। এই লক্ষ্যে মাঠ প্রশাসন, প্রিজাইডিং কর্মকর্তা ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে তিন দিনের সফরে রংপুরে অবস্থান করছেন সিইসি এ এম এম নাসির উদ্দীন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
