ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা শেখ মোহাম্মদ শামীম। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাশার ঘোষণা দেন।
তিনি বলেন, “মানুষ একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা পূরণ হবে। কোন অনির্বাচিত লোক দেশ শাসন করতে পারে না। এটি দেশ, জাতি ও গণতন্ত্রের জন্য ক্ষতিকর। তাই সবাই একটি নির্বাচিত সংসদ চায়।”
স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “আমি স্কুল জীবন থেকে রাজপথে—টানা ৩৫ বছর বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত আছি। স্বৈরাচারী এরশাদ থেকে শুরু করে বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে নিপীড়ন–নির্যাতনের শিকার হয়েছি, একাধিকবার কারাভোগ করেছি। মাঠপর্যায়ে দলের সঙ্গে সর্বোচ্চ যোগাযোগ রক্ষা করছি। আমি আশাবাদী, দলের হাই কমান্ড আমার রাজনৈতিক ত্যাগ তিতিক্ষা বিবেচনা করে আমাকে এই আসনে মনোনয়ন দেবে।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ রৌশন, মো. উজ্জল মুন্সী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইবন খানসহ স্থানীয় নেতাকর্মীরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
