ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনা বিভাগীয় কমিশনারের ব্যবস্থাপনায় ও সৃজনশীল প্রকাশকদের সহযোগিতায় বিভাগীয় বইমেলা-২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ ঘন্টা আগে) ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ৬:৫২ অপরাহ্ন

banglahour

 

আজ বিকেল  তিনটায় খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় অডিটোরিয়ামে বইমেলা উপলক্ষে এক  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা বিভাগীয় কমিশনার 
মো: আবদুল্লাহ হারুন। তিনি বলেন,সভ্যতার পরিক্রমায় মানুষের চর্চিত চিন্তা-চেতনা, জ্ঞান-বিজ্ঞান, মনন, দর্শন গ্রন্থিত থাকে গ্রন্থের অক্ষরের মধ্যে। তাই গ্রন্থের আঁধার হিসেবে গ্রন্থাগার হচ্ছে একটি জাতির সঠিক আলোর দিশারি। জ্ঞানমনস্ক আলোকিত জাতি গঠনে বইয়ের কোনো বিকল্প নেই।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত, বিভাগীয় কমিশনার কার্যালয়, খুলনা এর সার্বিক ব্যবস্থাপনায় ও সৃজনশীল প্রকাশকদের সহযোগিতায় খুলনা বিভাগীয় বইমেলা-২০২৬ আগামী ১০ নভেম্বর ২০২৬ থেকে ১৮ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ০৯ (নয়) দিনব্যাপী খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।


আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধি তথা জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ এই বইমেলার লক্ষ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখে সরকার সারা দেশব্যাপী বিভাগীয় পর্যায়ে সৃজনশীল বইমেলার আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় খুলনা বিভাগীয় বইমেলা।

এই মেলায় সর্বমোট স্টল থাকবে ৯০ (নব্বই)টি। ঢাকা থেকে আগত প্রকাশনাগুলির জন্য ৭১ (একাত্তর) টি, বিভাগীয়/জেলা অফিসের জন্য ০৯ (নয়) টি, পুলিশ কন্ট্রোলরুমের জন্য ০১ (এক) টি, তথ্য কেন্দ্র ০১(এক)টি, নার্সারী ০১(এক) টি, পাঠক আড্ডা ও সাংবাদিক জোন হিসেবে ০১ (এক) টি করে ০২ (দুই)টি এবং খাবার স্টল ০৫(পাঁচ)টি। বইমেলার স্টলগুলোতে তারা তাদের প্রকাশনী থেকে প্রকাশিত বইগুলির প্রদর্শন ও বিক্রয় করবেন।
বইমেলা প্রতিদিন বিকেল ০৩.০০টা থেকে রাত ১০.০০টা পর্যন্ত চলবে এবং সাপ্তাহিক ছুটির দিন সকাল ১০.০০টায় মেলা শুরু হয়ে একটানা রাত ১০.০০টা পর্যন্ত চলবে।

বইমেলায় ১০ (দশ) টি জেলা থেকে আগত জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ, স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও জাসাস, খুলনা মহানগরীর সার্বিক তত্ত্বাবধায়নে প্রতিদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভাগীয় বইমেলা-২০২৬ আরো প্রাণবন্ত করতে "সংস্কৃতি ও নৈতিকতা”, “মানবতাবাদ ও বিশ্ব শান্তি" এবং "বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্র" সম্পর্কিত ০৩ (তিন) দিন সেমিনারের আয়োজন রাখা হয়েছে। বইমেলায় প্রতিদিন স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠিত হবে। এছাড়া বইমেলায় শিশু-কিশোরদের জন্যে রয়েছে কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা। আপনাদের অবগতির জন্য আরোও উল্লেখ্য যে, বিভাগীয় বইমেলা-২০২৬ আগত সম্মানিত বই ক্রয়কারীদের মাঝে প্রতিদিন কুপনের মাধ্যমে ০৩ (তিন) জনকে ১ম, ২য় ও ৩য় স্থান নির্বাচনের মাধ্যমে পুরস্কৃত করা হবে।

একটি ভালো বই একজন ভালো মানুষ গড়তে বিশেষ অবদান রাখে, হতে পারে তার বিশ্বস্ত বন্ধু। নৈতিক অধঃপতন থেকে টেনে তুলে আনতে পারে একটি ভালো বই। বই পড়ার আন্দোলন ছড়িয়ে পড়ুক বাংলার প্রতিটি গ্রামে গ্রামে। আর এর ফলে দূর হয়ে যাক সামাজিক অবক্ষয়, সংশয়, নৈতিক স্খলন, গড়ে উঠুক স্বাধীন সত্তার বিবেকসম্পন্ন নতুন বাংলাদেশ।

আলোকিত বাংলাদেশ গড়ার সাথে সাথে জ্ঞানমনস্ক, সংস্কৃতিমনা, অসাম্প্রদায়িক এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণও জরুরী। বিভাগীয় বইমেলা এ ধারাকে আরো বেগবান করবে বলে আমরা বিশ্বাস করি।

খুলনা বিভাগীয় বইমেলা-২০২৬ আগামী ১০ নভেম্বর ২০২৬ সকাল ১০.০০ টায় একটি সুন্দর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে। ১৮ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল ৩:০০ টায় একটি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) (রাজস্ব)সিফাত মেহনাজ,সিনিয়র সহকারী কমিশনার 
মোঃ আবু সাঈদ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম