বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, আগামী নির্বাচনের আগে জুলাই সনদ এর পূর্ণাঙ্গ রূপ দিতে হবে এবং সংবিধানের মর্যাদা দিতে হবে। প্রয়োজনে গণভোটের মাধ্যমে তা সংবিধানের ভূমিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তিনি বলেন, আমরা বাকশাল নামক সংবিধান চাই না। নির্বাচন যদি প্রয়োজনীয় সংস্কার ছাড়া হয় তবে দেশের মানুষ নির্বাচনে অংশ নেবে না। জামায়াত নির্বাচন চায়, তবে হুন্ডা-গুন্ডা মার্কা নয়; চাঁদাবাজদের নির্বাচন নয়; আমরা চাই অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।
শনিবার সকাল ১০টায় কুমিল্লার ইবনে তাইমিয়া কনভেনশন হলে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর ওলামা বিভাগ আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এদেশের মানুষ স্বৈরাচার বিদায় করেছে, আজ ওলামায়ে কেরাম নির্ভয়ে কাজ করতে পারছেন—এটি বড় নিয়ামত। ওলামাদের চক্রান্ত-ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে কোরআনের আলোকে বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কেন্দ্রীয় উপদেষ্টা ড. আবুল কালাম আজাদ বাসার, কুমিল্লা মহানগর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগর সেক্রেটারি মাওলানা মাহবুবর রহমান।
সভাপতিত্ব করেন মহানগরীর ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম। সম্মেলনে কুমিল্লা-৮ আসনের প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, কুমিল্লা-৫ আসনের প্রার্থী ড. মোবারক হোসাইনসহ বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা বক্তব্য দেন। সম্মেলনে কুমিল্লার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে শতাধিক ওলামা অংশ নেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
