ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বর্তমান সরকার দুর্নীতিবাজ, দালাল ও অবৈধ সরকার। তারা দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার হরণ করেছে। দেশকে গভীর সংকটে নিমজ্জিত করেছে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। এক দফা আন্দোলনের মাধ্যমে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করতে হবে। এর মাধ্যমে নির্বাচন কমিশন পুুনর্গঠন করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য প্রস্তুতি গ্রহণ করে রাজপথের এক দফা আন্দোলনে সাহসিকতার সাথে অগ্রণী ভূমিকা পালনের জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
আজ ১০ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত সহযোগী সদস্য সম্মেলন-২০২৩ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো: নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ ও মোবারক হোসাইন।
তিনি বলেন, আজ তুরস্ক ও সিরিয়ায় যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে তাতে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। আল্লাহ বলেছেন আমি যখন প্রকম্পন সৃষ্টি করি তা কি তোমরা লক্ষ্য করো না। এরপরেও এক শ্রেণির মানুষ আল্লাহকে বিশ্বাস করে না, কুরআন মানে না। কিন্তু মৃত্যুবরণ করতে হবে তা প্রত্যেক ব্যক্তিই অকপটে স্বীকার করে। আমরা মানুষ হিসেবে খুবই দুর্বল, সুতরাং মৃত্যুর পূর্বেই আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে আমাদের পরিপূর্ণ মুমিন হতে হবে।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আবদুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী যথাক্রমে দেলাওয়ার হোসাইন, কামাল হোসাইন, ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা আবু ফাহিম প্রমুখ নেতৃবৃন্দ। সম্মেলনে উপস্থিত সহযোগীদের হাতে ১৪ হাজার রিপোর্ট বই সহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হবে। বিভিন্ন স্পটে গ্রুপ ভিত্তিক উপস্থিত হয়ে অনলাইনের মাধ্যমে সহযোগীবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
