ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন: প্রধান উপদেষ্টা

সারাদেশ | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,ঢাকা।

(১ বছর আগে) ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ১০:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:১৭ অপরাহ্ন

banglahour

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানম মানবতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিহত তিন শিক্ষকের পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শিক্ষক মাহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল, দুই ছেলে আদিল রশিদ ও আয়ান রশিদ, শিক্ষক মাসুকা বেগমের বোন পাপড়ি রহমান ও ভগ্নিপতি খলিলুর রহমান, শিক্ষক মাহফুজা খাতুনের মেয়ে আয়েশা সিদ্দিকা সহ নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, বেশ কিছুদিন পার হলেও এই স্মৃতি এখনো দগদগে হয়ে আছে। আমরা আপনাদের প্রতি সমবেদনা জানাতে পারি, কিন্তু এই দুঃসহ স্মৃতি মুছে দেয়ার ক্ষমতা আমাদের নেই। তবে এটুকু বলতে পারি, এ শোক আপনাদের একার নয়, জাতি হিসেবে আমরা সবাই এই শোককে ধারণ করি।তিনি আরও বলেন,আমাদের দেশে এমন নাগরিক আছেন যারা অন্যের জীবন বাঁচাতে আগুনে ঝাঁপ দিয়েছেন। মানবতার এই দৃষ্টান্ত তাঁরা প্রমাণ করে গেছেন। তাঁরা আমাদের গর্ব, আমাদের আদর্শ। তাঁদের স্মৃতি ধরে রাখতে যা কিছু প্রয়োজন, আমরা তা করব।

পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে স্মৃতিচারণ করেন।শিক্ষক মাহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল বলেন, তিনি নিজের দুই সন্তানকে নয়, ছাত্রছাত্রীদেরকেই আগে ভেবেছেন। আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েও বাচ্চাদের টেনে বের করেছেন। তাঁর নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীর সব মানুষকে স্পর্শ করেছে।

শিক্ষক মাহফুজা খাতুনের মেয়ে আয়েশা সিদ্দিকা বলেন,
আমার মা অনেকখানি সুস্থ হয়ে উঠেছিলেন। ভেবেছিলাম তাঁকে নিয়ে বাড়ি ফিরব। মা ছাড়া প্রতিটি দিন এখন স্বপ্নভঙ্গের মতো মনে হয়। আমি এতিম হয়ে গেলাম।

শিক্ষক মাসুকা বেগমের ভগ্নিপতি খলিলুর রহমান বলেন,
নিজের অসুস্থতা ও পারিবারিক দায়িত্বের মাঝেও তিনি বাবা-মা এবং আত্মীয়দের যত্ন নিতেন। ছাত্রছাত্রীদেরও আপন করে নিতেন। স্কুলই ছিল তাঁর জীবনের বড় অংশ।

এসময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ, সড়ক পরিবহন ও বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম