বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশের গণতন্ত্রকে সঠিক পথে ফিরিয়ে আনতে হলে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধির অর্থনীতিতে রূপান্তর করতে হবে। তিনি বলেন, আজেবাজে বিতর্ক বা ব্যক্তিগত আক্রমণের রাজনীতি বাদ দিতে হবে। এখন রাজনীতি করতে হবে দেশ, জনগণ ও দেশের অর্থনীতিকে ঘিরে। অন্য কিছু নিয়ে রাজনীতি করার সুযোগ শেষ হয়ে গেছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আযম খান বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান জাতিকে শিখিয়েছে আর প্রতারণার রাজনীতি করা যাবে না। কিন্তু এখনো বিভিন্ন রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করছে। ৩০০ আসনে নমিনেশন দিয়ে আবার পিআরের কথা বলা আসলে জাতির সঙ্গে প্রতারণা। এটি বন্ধ করতে হবে, নইলে গণঅভ্যুত্থানের চেতনা ভূলুণ্ঠিত হবে, যোগ করেন তিনি।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে তিনি বলেন, দেশের অনিশ্চয়তার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। নির্বাচনের পথে অগ্রসর হলেই এ অনিশ্চয়তা কেটে যাবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে।
তিনি আরও বলেন, যারা শুধু ভোট নিয়ে চিন্তা করে, দেশের কথা ভাবে না—তারা পিআর, সংস্কার বা বিচার নানা প্রসঙ্গ তুলে গণতন্ত্র ও অগ্রগতি ব্যাহত করতে চায়। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমাদের সবার। আমরা ঐক্যবদ্ধভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করলে পরিস্থিতির উন্নতি ঘটবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, আব্দুর ছবুর খান চানু, ওয়াজেদ আলী খানশূর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি প্রমুখ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
