কলা গাছের তন্তু বা সুতা দিয়ে নারীদের পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন তৈরির মাধ্যমে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের নারীরা স্বাস্থ্য সুরক্ষার সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।
তিনি বলেন, উইভ এনজিওর মাধ্যমে কলা গাছের সুতা দিয়ে ন্যাপকিন তৈরি এবং শুকনো কলা পাতা ব্যবহার করে মাশরুম উৎপাদন একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ। এই জনবান্ধব কার্যক্রম যাতে পুরো পার্বত্য এলাকায় ছড়িয়ে দেওয়া যায় সে জন্য বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে অবহিত করা হবে।
রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রাঙ্গামাটি শহরের সাবারং রেস্টুরেন্ট মাঠে উইভের আয়োজনে এবং আরএসএফ স্যোশাল ফাইন্যান্সের সহযোগিতায় আয়োজিত দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উইভের নির্বাহী পরিচালক নাইউ প্রু মারমা মেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন—রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মনিরুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সহকারী নির্বাহী কর্মকর্তা সুচিং মারমা, নারী নেত্রী টুকু তালুকদার, এডভোকেট সুষ্মিতা চাকমা প্রমুখ।
রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মনিরুজ্জামান বলেন, কলা পাতা থেকে মাশরুম এবং কলা গাছের সুতা দিয়ে ন্যাপকিন তৈরি একটি যুগান্তকারী উদ্যোগ। স্থানীয় মেশিন ব্যবহার করে সুতা উৎপাদন হচ্ছে, যা পরিবেশবান্ধব ও অর্গানিক। আধুনিক প্রযুক্তি সংযুক্ত করা গেলে এসব প্রোডাক্ট রপ্তানিযোগ্য হয়ে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে।
উইভের নির্বাহী পরিচালক নাইউ প্রু মারমা (নেলী) জানান, আরএসএফ সোশ্যাল ফাইন্যান্সের আর্থিক সহযোগিতায় পরিচালিত ‘উন্নত মাসিক স্বাস্থ্যবিধি অনুশীলন ও অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্প’-এর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি সদর ও কাউখালী উপজেলার চার ইউনিয়নের ৯টি গ্রামে পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে তিন হাজারেরও বেশি নারী ও কিশোরী উপকৃত হবেন।
তিনি বলেন, কলা গাছের প্রতিটি অংশই ব্যবহারযোগ্য। আমরা প্রথমবারের মতো এর তন্তু থেকে পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন তৈরি করেছি। এগুলো সাশ্রয়ী, নিরাপদ এবং একাধিকবার ব্যবহার করা যায়। ইতোমধ্যে স্কুল পর্যায়ে কিশোরী ও প্রত্যন্ত অঞ্চলের নারীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। বিএসটিআই অনুমোদন পাওয়া গেলে বৃহৎ আকারে উৎপাদন শুরু করা সম্ভব হবে।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসকসহ অতিথিরা প্রদর্শনী স্টল ঘুরে দেখেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
