কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, সিএনজি ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৩১ আগস্ট) দুপুরে অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শুরু হয় হাসপাতালের মূল ফটক থেকে প্রবেশপথ পর্যন্ত সড়কের দুইপাশে। ফুটপাত দখলকারী দোকানের মালামাল সরিয়ে ছাউনি ভেঙে ফেলা হয়। দীর্ঘদিন ধরে সেখানে থাকা অবৈধ সিএনজি ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ডও উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এবং হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজ। অভিযান শেষে উপজেলা প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়, যাতে ভবিষ্যতে গেইট সংলগ্ন ফুটপাতে আর কোনো দোকান বা পার্কিং গড়ে ওঠে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, দীর্ঘদিন ধরে এখানে অবৈধ দোকানপাট ও স্ট্যান্ড বসানো হচ্ছিল, যা রোগী ও স্বজনদের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছিল। এই অভিযান তাদের জন্য নিরাপদ যাতায়াত নিশ্চিত করেছে।
সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান জানান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। নিয়মিত তদারকি চললে ভবিষ্যতে অবৈধ দোকানপাট ও স্ট্যান্ড গড়ে উঠবে না।
এ অভিযান শেষ হওয়ার পর হাসপাতাল এলাকায় দীর্ঘদিনের দখলদারিত্বের অবসান ঘটায় রোগী ও স্বজনরা স্বস্তি প্রকাশ করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
