ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মশক নিধনে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতার আলোকে কার্যক্রম শুরু করেছে ডিএনসিসি

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ৬:২৮ অপরাহ্ন

banglahour

ঢাকা: মশক নিধনে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতার আলোকে কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।

সোমবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে রাজধানীর গুলশান-২ নগর ভবনের হল রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম।

তিনি বলেন, 'আমরা মিয়ামিতে দেখেছি কিভাবে তারা মশা নিধনে কার্যক্রম পরিচালনা করে। আমরা বছরের ৩৬৫ দিনই সব এলাকায় একই ওষুধ একই মাত্রায় ছিটাই। কিন্তু মিয়ামিতে আগে মশার প্রজাতি নির্ণয় করা হয়। তারপর ওষুধ প্রয়োগের সিদ্ধান্ত হয়। তাই আমাদের কাজ হবে ল্যাবে মশার প্রজাতি নির্ণয় করে ও আচরণ গবেষণা করে ওষুধ প্রয়োগ করা। ল্যাব স্থাপন করা যেহেতু সময় সাপেক্ষ বিষয় তাই জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাথে আলাপ আলোচনা চলছে তাদের ল্যাবে কার্যক্রম শুরু করার বিষয়ে। যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতায় আমরা কার্যক্রম শুরু করেছি৷ ইতিমধ্যে দুটি সভা করেছি। সেখানে জাতীয় স্বাস্থ্য অধিদপ্তরের কীটতত্ত্ববিদদের সাথে আলোচনা হয়েছে।'

যুক্তরাষ্ট্রের CLDP Consultation Trip এর মাধ্যমে ডিএনসিসির ২০ সদস্যের এক প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা সম্পর্কে এই প্রেস ব্রিফিং আয়োজন করা হয়। প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে নগর ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি, মশক নিয়ন্ত্রণ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, রাজস্ব আহরণ পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ নিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিনিধি দলটি গত মাসে ফ্লোরিডার মিয়ামিতে সফর করেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন মেয়র মোঃ আতিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, 'যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অত্যান্ত ভালো সম্পর্ক রয়েছে। দুটো শহরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময় সমস্যা সমাধানে বেশ কাজে দিবে। আশা করি যুক্তরাষ্ট্র সরকার সহযোগিতা করে যাবে।এতে যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে।'

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, 'ঢাকা শহরের উন্নয়নে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। যুক্তরাষ্ট্রের শহরগুলোর উত্তম কার্যক্রমের অভিজ্ঞতা ঢাকার সাথে শেয়ার করা হবে৷ ডিএনসিসি চাইলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র সহযোগিতা প্রদান করবে।'

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা  ব্রিগেঃ জেনাঃ মোঃ জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহঃ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলামসহ ডিএনসিসির সকল বিভাগীয় প্রধান ও ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম