খুলনায় হাজি ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করছেন শফিকুল আলম তুহিন।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার যেমন সন্তানের প্রতি দায়িত্বশীল, তেমনি শিক্ষকদেরও প্রয়োজনীয় ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, “শিক্ষার্থীরা যাতে মোবাইল ফোন, অনলাইন বিভ্রান্তি কিংবা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে পড়ার টেবিলে ফিরে আসে, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। শিক্ষকরা যদি আন্তরিকভাবে তাদের গাইড করেন, লক্ষ্য সম্পর্কে সচেতন করেন এবং আত্মবিশ্বাসী করে তোলেন, তবে তারা পড়াশোনায় মনোযোগী হবে ও সমাজ-দেশের জন্য একটি শক্ত ভিত্তি গড়ে তুলবে।”
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বয়াস্থ হাজি ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তুহিন আরও বলেন, “শিক্ষকরা শুধু পাঠ্যবই শেষ করার দায়িত্বে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের দায়িত্ব হলো শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও জীবনদর্শন শেখানো। অভিভাবকদেরও শিক্ষকদের সঙ্গে সমন্বয় রেখে সন্তানের পড়াশোনায় মনোযোগী করতে হবে। আগামী প্রজন্মের সাফল্য নির্ভর করছে আজকের শিক্ষার্থীদের উপর।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তফা কামাল। উপস্থিত ছিলেন গোলাম কিবরিয়া রিপন, সাজ্জাদ আহসান পরাগ, লাবু বিশ্বাস, অনুপ কুমার বৈরাগী, রফিকুল ইসলাম প্রমুখ। এর আগে শফিকুল আলম তুহিন ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
