ঢাকার ধামরাইয়ে মন্দির পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) লে. জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ।
বিকেলে উপজেলার ইসলামপুর, যাত্রাবাড়ী, মাধববাড়িসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন তিনি।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল হাফিজ বলেন, আজকে ধামরাই উপজেলায় কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করতে এসেছি। এখানে অত্যন্ত সুন্দরভাবে চমৎকার পরিবেশে সম্প্রীতির মেলবন্ধনে পূজা উদযাপন হচ্ছে। আজকে অষ্টমী, এরপর নবমী, দশমী। আমরা আশা করবো, এখন পর্যন্ত যেভাবে চলছে, একইভাবে সুন্দর ভাবে পূজা উদযাপিত হবে। নিরাপত্তা বাহিনী, আনসার বাহিনী, সেনাবাহিনী কিভাবে কাজ করছে দেখছি। হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানানোর জন্য, সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার জন্য এখানে এসেছি।
এ সময় তার সঙ্গে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও মো. মামনুন আহাম্মেদ অনিক , ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ও ধামরাই পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত কুমার চক্রবর্তীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
