খুলনা বসুপাড়ায় ছেলের হাতে বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে নগরীর বাঁশতলা মোড়ে বরকতিয়া মসজিদের সামনে নিজ বাসায় এ হত্যাকান্ড ঘটে। নিহত লিটন খান পেশায় মাছ ব্যবসায়ী
স্থানীয়রা জানান, দুপুরে লিটনের স্ত্রী অফিসে গেলে বাড়িতে ছেলে আবু বক্কার সিদ্দিক লিমন ও তার স্ত্রী চাদনী ছিলেন। রাত ১১টার দিকে বাড়ি ফিরে দরজায় বাইরে থেকে তালা দেখতে পান লিটনের স্ত্রী। তখন তালা খুলে ভেতরে প্রবেশ করলে তিনি মেঝেতে স্বামীর মরদেহ দেখতে পান। এ সময় লিটনের গলায় ওড়না পেঁচানো, গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং পাশে রক্তমাখা বটি পড়ে থাকতে দেখা যায়। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, ঘটনার পর থেকেই নিহতের ছেলে লিমন ও তার স্ত্রী চাদনী পলাতক রয়েছে। চার দিন আগে তারা ঢাকা থেকে খুলনায় আসেন। কি কারণে এ হত্যাকান্ড ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
