চুয়াডাঙ্গার জীবননগরে বীজের প্যাকেট আমদানিকারকের তথ্য ও মূল্য না থাকায় এবং বেশি দামে সার বিক্রি করায় তিন প্রতিষ্ঠানের মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃকপক্ষ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত এ তদারকি চলে।
চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, এদিন বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত জীবননগর বাজারে বীজ, কীটনাশক, ও মুদি দোকানে তদারকি পরিচালিত হয়। এ সময় বীজের প্যাকেট আমদানিকারকের তথ্য, মূল্য ও বীজ সম্পর্কিত অন্যান্য প্রয়োজনীয় তথ্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় মেসার্স শীলা বীজ ভান্ডারের মালিককে ২৫ হাজার ও মেসার্স গ্রীন লাইফ সীডসের মালিককে ৫ হাজার টাকা ও বেশি দামে সার বিক্রি করায় একই আইনের ৪০ ধারায় মেসার্স এ্যানি এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় । অভিযানের সময় তাদের মূল্য-তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য কেনাবেচা, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ, বীজ বিক্রি না করার জন্য নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন কার্যালয় বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
