রাঙ্গামাটি রাজ বনবিহারের আসন্ন কঠিন চীবর দান উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করাসহ সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে রাঙ্গামাটি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।
সভায় রাঙ্গামাটি রাজবন বিহার ও পার্বত্য ভিক্ষু সংঘের প্রতিনিধি দলসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় রিজিয়ন কমান্ডার বলেন, রাঙ্গামাটিতে বর্তমানে সকল জনগোষ্ঠীর মধ্যে যে পারস্পরিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় আছে, তা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এই সম্প্রীতির ধারা অব্যাহত থাকবে।
রিজিয়ন কমান্ডার আসন্ন কঠিন চীবর দান উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং উৎসবকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শনের আহ্বান জানান।
সভায় উৎসব চলাকালীন সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য সংস্থা যৌথভাবে দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।
তাছাড়া রাজ বনবিহারের প্রবেশ পথে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন, স্বেচ্ছাসেবক দল নিয়োজিত রাখা, সিসিটিভির মাধ্যমে নজরদারি এবং প্রবেশ পথে দিকনির্দেশনামূলক প্যানাফ্লেক্স টানানোর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
কঠিন চীবর দান উৎসবকে ঘিরে রাঙ্গামাটিতে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে রাঙ্গামাটি রিজিয়নের পক্ষ থেকে টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
