ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের পুকুরে সাঁতার শিখতে এসে ৯ বছরের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ারে আলম।
নিহত আইমান ( ৯) সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামের আরিফ হোসেনের একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের পুকুরে মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণ চলছিল। আজ সকালে সাঁতার শিখতে এসে সহপাঠীদের সাথে পুকুরে নামে আইমান। এর এক পর্যায় পুকুরে ডুবে যায়। পরে আইমানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পরে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ারে আলম জানায়, উপজেলা পরিষদের পুকুরে ৩ শিফটে শিক্ষার্থীদের সাঁতার প্রশিক্ষণ চলছিল। সে প্রথম শিফটের শিক্ষার্থী ছিল। হঠাৎ সে পুকুরে ডুবে যায়। খোঁজাখুঁজির পরে আইমানকে পুকুর থেকে উদ্ধার করে। পরে শিশুটির মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়।
তবে এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বলেন ঘটনাটি কিভাবে ঘটেছে, তিনি কিছুই বলতে পারেননি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
