দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা শহর কুমিল্লা। এ জেলা শহরটি ১০ জুলাই ২০১১ সালে ৫৩.০৪ বর্গ কিলোমিটার আয়তন ও ২৭ টি ওয়ার্ড নিয়ে সিটি কর্পোরেশনে রুপান্তর হয়।
ভৌগলিক অবস্থান, অবকাঠামো ও জনসংখ্যার কারণে এ নগরীর গুরুত্ব অপরিসীম। তবে নগরীর ক্রমবর্ধমান জনসংখ্যা ও সীমিত সড়ক অবকাঠামো আজ নাগরিক জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। জলাবদ্ধতা, অপর্যাপ্ত ড্রেন, সংকীর্ণ সড়ক সব সমস্যার মাঝেও সবচেয়ে ভয়াবহ হয়ে উঠেছে নগরীর যানজট।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নগরীর বাদশামিয়া বাজার, রেসকোর্স, পুলিশ লাইন, ঝাউতলা, কান্দিরপাড়, নজরুল এভিনিউ, রাণীরবাজার, টমসমব্রীজ, লাকসাম রোড, মোগলটুলী, রাজগঞ্জ, চকবাজার, ইপিজেড রোডসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগেই থাকে।
যানজটের অন্যতম বড় কারণ ভাসমান দোকানীরা। তারা রাস্তার উপর যত্রতত্র পসরা সাজিয়ে রাখায় চলাচলের জায়গা প্রায় অচল হয়ে পড়েছে। এতে যানবাহনের পাশাপাশি পথচারীরাও ভোগান্তিতে পড়েন। প্রশাসন মাঝে মাঝে উচ্ছেদ অভিযান চালালেও কার্যকর ফল মেলেনি। বরং প্রশাসন অভিযান চালিয়ে চলে যাবার পর পরই দোকানীরা আবার বসে যায় স্ব স্ব জায়গায়। সকাল থেকে রাত পর্যন্ত এসব হকারদের কারনে যানজট লেগেই থাকে।
নগরবাসীর অভিযোগ, কাঁচাবাজার ও ডিপার্টমেন্টাল স্টোরে সব পণ্য সহজলভ্য হলেও শত শত ভাসমান দোকানী এখনো সড়ক দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে সরকারি বাজারগুলো ক্রমেই ক্রেতাশূন্য হয়ে পড়ছে, অন্যদিকে নগরীর রাস্তাঘাট প্রতিদিন যানজটের ফাঁদে আটকে যাচ্ছে।
নগরীর নজরুল এভিনিউর বাসিন্দা ও কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রাসেল বলেন, নগরীর যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে দ্রুত পদক্ষেপ না নিলে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলি অচিরেই পুরোপুরি ভাসমান দোকানীদের দখলে চলে যাবে। এজন্য জরুরী ভিত্তিতে সিটি করপোরেশনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারী স্কুলের দশম শ্রেণির ছাত্রী ও নগরীর মনোহরপুর এলাকার বাসিন্দা তানিয়া আক্তার সিগ্ধ্যা বলেন, কুমিল্লা মহনগরীর যানজটের অনেক কারন রয়েছে। এর মধ্যে অন্যতম কারন হচ্ছে ফুটপাট দখল করে দোকানীদের বসে থাকা। পাশাপাশি এ শহরে যে পরিমান মিশুক, ইজিবাইক থাকার কথা রয়েছে তার চেয়ে শতগুন বেশি। ফুটপাট দখল করে হকাররাতো বসে আছেই রাস্তার উপর, এর মাঝে এসব মিশুক, ইজিবাইকগুলো যত্রতত্র দাড়িয়ে যাত্রী উঠানামা করানোও যানজটের কারন। এ নগরীর বাসিন্দা হয়ে সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষন করছি। এ যন্ত্রণা থেকে নগরবাসীদের দ্রুত মুক্তি দিন। এ যানজট নিরশনে স্থায়ী সমাধান করুন, ফুটপাটে হকার বসতে না দিয়ে মানুষের চলাচলের ব্যবস্থা করুন।
এ বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক মো. শাহআলম বলেন, আমাদের জনবল সংকট রয়েছে স্বীকার করছি। তারপরও আমরা কিছুদিন পর পর অভিযান পরিচালনা করছি। আমরা নতুন করে কিছু লোকবল ট্রেনিং করিয়ে তৈরি করছি, এসব কাজ তদারকি করার জন্য। হকাররা যেন রাস্তায় কোন রকম দোকান বসাতে না পারে।
এদের পাশাপাশি আমার কমিউনিটি পুলিশদের ও ব্যবহার করার চিন্তা ভাবনা করছি। নগরবাসীর সুবিধার্থে ও যানজট নিরসনে আমরা দ্রুত সব রকম ব্যবস্থা গ্রহন করবো।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
