ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুক্তাগাছায় আভিজাত্যের বাহন থেকে আঃ মান্নানের জীবিকার সঙ্গী ঘোড়াগাড়ি

সারাদেশ | রিপন সারওয়ার, মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

(১ বছর আগে) ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩:৪৯ অপরাহ্ন

banglahour

পরিবহনের ইতিহাসে ঘোড়ার গাড়ির অবস্থান ও গুরুত্ব অনস্বীকার্য। নবাব-জমিদারের প্রাসাদে অতিথি আনাগোনা, বিবাহযাত্রার শোভাযাত্রা কিংবা শহর-গ্রামের রাজপথে রাজকীয় ভঙ্গিতে ছুটে চলত ঘোড়ার গাড়ি। মুক্তাগাছার আটানি জমিদার বাড়ির আঙিনায়ও একসময় প্রতিদিন ভেসে আসত ঘোড়ার টগবগ শব্দ। এটি ছিল আভিজাত্যের পরিচয়, ক্ষমতার প্রকাশ।

কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই যুগ। মোটরযান, ভ্যান, ট্রাকের ভিড়ে আজ আর তেমন দেখা যায় না ঘোড়ার গাড়ি। ইতিহাস যেন মিশে গেছে কেবল বইয়ের পাতায় আর জাদুঘরের কাচের ভেতরে।  

তবু ঐতিহ্যবাহী মধুপুর বনঘেষা মুক্তাগাছার পাহাড়ি অঞ্চল গয়েশপুরে এখনও ভোরবেলা শোনা যায় সেই টক্ টক্ শব্দ। দুই চাকার ঘোড়াগাড়ি নিয়ে ছুটে চলেন গ্রামের মানুষ আব্দুল মান্নান (৫২)। তিনি যেন বর্তমানের ভেতরে দাঁড়িয়ে অতীতকে টেনে আনেন জীবনের বাস্তবতায়।

মান্নানের বাবা জালাল উদ্দিন ছিলেন সাধারণ কৃষক। মাটির সঙ্গেই জীবন কেটেছে তাঁর। কিন্তু বাবার মৃত্যুর পর কিশোর বয়সেই সংসারের ভার কাঁধে তুলে নিতে হয় মান্নানকে। প্রথমদিকে কৃষিকাজ করলেও সংসারের চাহিদা মেটানো সম্ভব হয়নি।

জীবিকার খোঁজে তিনি বেছে নিলেন ঘোড়াগাড়ি চালানো। শুরুটা ছিল সাদামাটা, তবে সেটিই হয়ে ওঠে তাঁর জীবনের প্রধান ভরসা। আজ প্রায় দুই দশক ধরে এই গাড়ি ঘুরছে তার সংসারের চাকা।

মান্নানের তিন ছেলে। ঘোড়াগাড়ির উপার্জনেই একজনকে বিদেশে পাঠিয়েছেন। আরেকজন পড়াশোনা করে ঢাকায় চাকরি করছে। ছোট ছেলেকে দিয়েছেন দোকান বসানোর সুযোগ। শুধু তাই নয়, গাড়ি চালিয়ে তুলেছেন ঘরবাড়ি, কিনেছেন চাষাবাদের জমি।


তিনি বলেন, গাড়ি না থাকলে আমি কিছুই করতে পারতাম না। আমার জীবনের সব অর্জন এই গাড়ির টানেই।

মান্নানের গাড়ি এখন মুক্তাগাছার গ্রামীন জীবনের নিত্যদিনের সঙ্গী। কখনো গাছ, আখ, আনারস বা কলা, কখনো মাটির বোঝা বা গোবর সবই তিনি পৌঁছে দেন মানুষের দরজায়। অনেকের জন্য ঘোড়ার গাড়ি আজও ভরসার বাহন।

লেখক ও লোকসংস্কৃতি গবেষক, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. ইদ্রিছ আলী বলেন, ঘোড়া এবং ঘোড়ার গাড়ী ঐতিহ্যের বাহন। একটা সময় এই ঘোড়ার গাড়ি একদিকে ব্যক্তি বা পারিবারিক আভিজাত্যের বাহন অপর দিকে পন্য পরিবহনের অপরিহার্য্য বাহন হিসেবে ব্যবহার হতো। ঘোড়া এবং ঘোড়ার গাড়ি ছাড়া আগের দিনে বহুক্ষেত্রে চলাই যেত না। এখনও মুক্তাগাছা এবং মধুপুরসহ বিভিন্ন এলাকায় কিছু জায়গা আছে যেখানে ভারী মালামাল বহনে এই ঘোড়ার গাড়ী গুরুত্ব পূর্ণ বাহন হিসেবে ব্যবহার হয়। অনেকেই সৌখিনভাবেও এটি ব্যবহার করে থাকে। গয়েশপুরের মান্নানের মতো মানুষ না থাকলে অনেক সময় মালপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া কষ্ট হয়ে যেত। মান্নানরা অতীতের পেশা হিসেবে এই বাহন ধরে রেখেছেন। সমাজ এবং পরিবেশের প্রয়োজনেই মান্নানদের মতো লোকদের উৎসাহ এবং সহযোগিতা করা দরকার। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম