বাংলাদেশ সফররত পাকিস্তানের যৌথ প্রধানদের কমিটির চেয়ারম্যান (Chairman, Joint Chiefs of Staff Committee – CJCSC)জেনারেল সাহির শামশাদ মির্জা শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসেরসঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেনারেল মির্জা বলেন, বাংলাদেশ ও পাকিস্তান একে অপরকে সহযোগিতা করবে।” তিনি জানান, করাচি–চট্টগ্রাম সমুদ্রপথে পণ্য পরিবহন ইতিমধ্যে শুরু হয়েছে, এবং আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা–করাচি আকাশপথও চালু করা হবে।
তিনি দুই দেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণভিত্তিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সহযোগিতার বহু সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বাণিজ্য, যোগাযোগ ও বিনিয়োগ খাতে।
বৈঠকে উভয়পক্ষ মধ্যপ্রাচ্য ও ইউরোপে উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, ভুয়া তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় একযোগে কাজ করার প্রয়োজনীয়তা নিয়েও মতবিনিময় হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন,
ভুয়া খবর ও বিভ্রান্তিমূলক তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। এটি ব্যবহার করে শান্তি ও স্থিতিশীলতা নষ্টের চেষ্টা চলছে। এ পরিস্থিতি মোকাবেলায় বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ, এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
