সুন্দরবনের দুবলারচরের আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনের রাস উৎসব বুধবার (৫ নভেম্বর) ভোরে বঙ্গোপসাগরের প্রথম জোয়ারের নোনাজলে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে।
গেল ৩ নভেম্বর থেকে শুরু হওয়া এ উৎসবে দেশ-বিদেশ থেকে প্রায় ১৩ হাজার ৫১৯ জন পুণ্যার্থী অংশগ্রহণ করেন। মঙ্গলবার মধ্যরাতে আলোরকোলে স্থাপিত অস্থায়ী রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হয় পূজা-অর্চনা, ভজন ও লীলা-কীর্তন। ধর্মীয় আচার পালন শেষে বুধবার ভোরে পুণ্যার্থীরা সাগরের নোনা জলে স্নান শেষে নিজ নিজ গন্তব্যে রওনা দেন।তবে এ বছর ভিন্ন ধর্মাবলম্বী অথবা পর্যটকদের উৎসবে অংশগ্রহণের অনুমতি দেয়নি বন বিভাগ।
দুবলা আলোরকোলে রাস উৎসব উদযাপন পরিষদের সভাপতি কামাল উদ্দিন আহমেদ জানান, বছরের পর বছর ধরে দুবলার আলোরকোলে হিন্দু ধর্মাবলম্বীদের রাস উৎসব হয়ে আসছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বীরা এ উৎসবে অংশগ্রহণ করে থাকেন।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এ সি এফ) রানা দেব বলেন, দুবলার আলোরকোলে এবারের রাস উৎসব আনন্দমুখর শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এবারের উৎসবে সবচেয়ে বেশি পুন্যার্থী অংশ নিয়েছেন। যার সংখ্যা ১৩ হাজার ৫১৯ জন। রাস উৎসব শান্তিপূর্ণ করার জন্য বনরক্ষী, কোস্টগার্ড, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলস কাজ করেছেন।
কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেঃ কমান্ডার আবরার হাসান জানান, কঠোর নিরাপত্তার কারণে দুবলার চরে আগত পুন্যার্থীরা কোন প্রকার দুর্ঘটনায় পড়েনি বা কোন দস্যু বাহিনীর হাতে আপহরণ হতে হয়নি।দস্যু দমনে তারা কঠোর হওয়ায় এমন উন্নত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
