ময়মনসিংহে ডেঙ্গুর ভয়াবহতা রোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ দিনব্যাপী প্রচারাভিযান পরিচালনা করেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) ময়মনসিংহ সিটি করপোরেশনের ডেঙ্গু আক্রান্ত বিভিন্ন এলাকায় সংগঠনটি মাইকিং, লিফলেট বিতরণ ও পথসভা আয়োজনের মাধ্যমে জনসচেতনতা কার্যক্রম চালায়।
পথসভায় বক্তারা নগরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন—
“বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না, যাতে এডিস মশার লার্ভা জন্ম নিতে না পারে।”
বক্তারা পাশাপাশি সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান যেন তারা মশা নিধনে আরও যত্নশীল ও দায়িত্বশীল ভূমিকা রাখেন।
জনউদ্যোগ সদস্য সচিব শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় নগরীর হরি কিশোর রায় রোড ও নতুনবাজারে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন—
বিশিষ্ট সাংবাদিক নিয়ামুল কবীর সজল, নিরাপদ সড়ক চাই (নিসচা) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না, অবসরপ্রাপ্ত শিক্ষক নেতা খন্দকার সুলতান আহমদ, জহিরুল আমীন রুবেল, সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিব্বির আহাম্মেদ লিটন, সুজন জেলা সাধারণ সম্পাদক ইয়াজদানী কোরায়শি কাজল, আইইডি’র ব্যবস্থাপক নূর নাহার বেগম, সাংস্কৃতিক কর্মী আবুল মুনসুর এবং খন্দকার শরিফ আহাম্মেদ প্রমুখ।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নগরজুড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
