ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জকিগঞ্জ–কানাইঘাটের ৩৪৩টি প্রতিষ্ঠানের ৫ হাজার শিক্ষার্থী নিয়ে ফাহিম আল ট্রাস্টের বৃত্তি পরীক্ষা

শিক্ষা | সিলেট প্রতিনিধি

(৪ মাস আগে) ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৮:০১ অপরাহ্ন

banglahour

সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ৩৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হয়েছে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট মেধা বৃত্তি পরীক্ষা–২০২৫। দুই দিনব্যাপী এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে জকিগঞ্জের মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়, বারহাল এইিয়া উচ্চ বিদ্যালয় এবং শাহবাগ উচ্চ বিদ্যালয় ও কলেজে।

২১ ও ২২ নভেম্বর আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় শুক্রবার প্রথম দিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয় এবং শনিবার একইভাবে অনুষ্ঠিত হবে মাধ্যমিক স্তরের পরীক্ষা। সকাল থেকেই শতশত শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে বর্ণিল পরিবেশে পরীক্ষাকেন্দ্রে আসে—এ দৃশ্য স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে।

প্রথম দিনে প্রতিটি পরীক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় একটি করে স্কুলব্যাগ। পরীক্ষা পরিদর্শন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আশরাফ সিদ্দিক। তিনি বলেন, “উপজেলা পর্যায়ে এমন বৃহৎ পরিসরের বৃত্তি আয়োজন নজরকাড়া উদ্যোগ। গ্রামীণ জনপদের শিক্ষাকে এগিয়ে নিতে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের এই আয়োজন একটি মাইলফলক।”

দুই দশক ধরে শিক্ষা, উন্নয়ন ও মানবিক সেবায় নিয়োজিত ফাহিম আল চৌধুরী ট্রাস্টের বৃত্তি পরীক্ষা প্রথম দিনে সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ২৫৩টি প্রাথমিক ও ৯০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়।

ট্রাস্টের সচিব ও প্রধান শিক্ষক সাব্বির আহমদ জানান, ১০০ নম্বরের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হবে।

৮০ বা তার বেশি নম্বর : এককালীন ২,৫০০ টাকা

৭০–৭৯ নম্বর : এককালীন ২,০০০ টাকা

৬০–৬৯ নম্বর : এককালীন ১,৫০০ টাকা

এ ছাড়া প্রতি শ্রেণিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ২৪ জনকে কম্পিউটার ট্যাব, এবং প্রাথমিক ও মাধ্যমিক মিলে সর্বোচ্চ মেধাবী ৬ জন শিক্ষার্থীর অভিভাবককে ক্রেস্ট দেওয়া হবে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১০টি করে মোট ২০টি প্রতিষ্ঠানকে প্রদান করা হবে ৫০ হাজার টাকা করে বিশেষ পুরস্কার।

ট্রাস্টের পক্ষ থেকে আরও জানানো হয়, ২০২৫ সালে অবসরে যাওয়া জকিগঞ্জ ও কানাইঘাটের সব শিক্ষক–কর্মচারীকে এককালীন ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেশের ইতিহাসে বিরল এক উদ্যোগ।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী ফাহিম আল ইছহাক চৌধুরী ২০০২ সাল থেকে ব্যক্তিগত অর্থায়নে দুই উপজেলার শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, মানবিক সহায়তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অব্যাহতভাবে কাজ করে আসছেন। তিনি ইতোমধ্যে ১০ কোটি টাকা দিয়ে ট্রাস্টকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছেন।

বৃত্তি পরীক্ষা পরিদর্শনকালে ট্রাস্টের সহ-সভাপতি এটিএম সেলিম চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯