ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা

সারাদেশ | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

(১০ মাস আগে) ১৩ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১০:৫৮ অপরাহ্ন

banglahour

বেগম রোকেয়া পদক ২০২৫’–এ ভূষিত চার গুণী নারীকে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবছরের রোকেয়া পদকপ্রাপ্ত গবেষক ড. রুবহানা রাকিব, মানবাধিকারকর্মী নাবিলা ইদ্রিস, শ্রম অধিকারকর্মী কল্পনা আক্তার ও জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা।

অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীর ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন রোকেয়া পদকজয়ীরা। তারা বলেন, সংবর্ধনা পাওয়ার আনন্দ থাকলেও এই ঘটনার পর তারা মানসিকভাবে বিচলিত। হামলার ঘটনায় সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য জোরদার করে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পরামর্শ দেন পদকজয়ীরা।

জবাবে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, এই হামলা পূর্বপরিকল্পিত। আমি নিয়মিতভাবে হাদীর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তার চিকিৎসার খোঁজ নিচ্ছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা হয়েছে, তারাও সহযোগিতা করছে।

প্রধান উপদেষ্টা পৃথকভাবে রোকেয়া পদকজয়ীদের কর্মক্ষেত্র ও চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

শ্রম অধিকার ক্যাটাগরিতে পদকপ্রাপ্ত কল্পনা আক্তার শ্রম আইন সংশোধন ও আন্তর্জাতিক শ্রম কনভেনশনে স্বাক্ষরের জন্য প্রধান উপদেষ্টাকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, এ দুটি ঐতিহাসিক সিদ্ধান্ত। এত অল্প সময়ে এমন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার জন্য আপনাকে ধন্যবাদ।

তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের সময় শ্রমিক অধিকারের পক্ষে কাজ করায় তার বিরুদ্ধে ১৪টি মামলা দায়ের করা হয়েছিল। ট্রেড ইউনিয়ন করে শ্রমিক অধিকারে কাজ করা কেউ রোকেয়া পদক পেতে পারে—এটা আগে কেউ কল্পনাও করেনি, বলেন তিনি।

প্রধান উপদেষ্টা কল্পনা আক্তারের প্রশংসা করে বলেন, “তিনি একজন শক্তিশালী ও সাহসী নারী। বিশ্বজুড়ে তিনি সম্মানিত। রানা প্লাজা ট্র্যাজেডির পর যেসব সংস্কার হওয়ার কথা ছিল, তা হয়নি। শ্রম অধিকার ও কনভেনশন আমার অগ্রাধিকার ছিল।

গবেষক ড. রুবহানা রাকিবের কাছে আইসিডিডিআরবি’র সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বিদেশি সহায়তা কমে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আইসিডিডিআরবি ও রোহিঙ্গা জনগোষ্ঠী। এ বিষয়ে সরকার ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে।

নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার সঙ্গে দলের থাকা-খাওয়া, অনুশীলন, নতুন খেলোয়াড় অন্তর্ভুক্তি ও পারফরম্যান্স নিয়েও আলোচনা করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, “দেশের সবাই তোমাদের ভক্ত। তোমাদের সম্মানিত করা মানে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করা।”

মানবাধিকার ক্যাটাগরিতে পদকপ্রাপ্ত নাবিলা ইদ্রিসের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, “তোমার দৃঢ়তা বহু মানুষকে সাহস দিয়েছে।” গুমের বিচার প্রক্রিয়া শুরু করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান নাবিলা ইদ্রিস। তিনি বলেন, এই বিচার একটি ঐতিহাসিক অগ্রগতি।

অনুষ্ঠান শেষে রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টা তাঁর লেখা বই ‘বেলতৈল গ্রামের জরিমন, ও অন্যান্যরা’ উপহার দেন, যা গ্রামীণ নারীদের অর্থনৈতিক সংগ্রাম ও জীবনচিত্র তুলে ধরে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম