ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শহীদ বুদ্ধিজীবী দিবসে কুড়িকৃবিতে আলোকসজ্জা, ক্ষোভ সাধারণ মানুষের

সারাদেশ | রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম প্রতিনিধি

(১০ মাস আগে) ১৫ ডিসেম্বর ২০২৫, সোমবার, ১০:২৩ পূর্বাহ্ন

banglahour

শহীদ বুদ্ধিজীবী দিবসে যখন সারা দেশ শোক ও শ্রদ্ধায় নত, তখন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) দুটি অস্থায়ী ক্যাম্পাসে আলোকসজ্জার দৃশ্য দেখা গেছে। রোববার সন্ধ্যার পর কুড়িগ্রাম শহরের ভোকেশনাল মোড় ও টেক্সটাইল মিলস এলাকার রেলগেট সংলগ্ন ভাড়া ভবনগুলোতে আলোকসজ্জা জ্বলতে দেখা যায়। বিষয়টি নিয়ে সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা দেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী ও শিক্ষকসহ বহু বিশিষ্ট ব্যক্তিকে অপহরণ ও হত্যা করে। জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রতিবছর ১৪ ডিসেম্বর ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ পালন করা হয়।

কিন্তু এ বছর কুড়িকৃবির ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে। সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের দুটি অস্থায়ী ক্যাম্পাসে আলোকসজ্জা জ্বলতে দেখে অনেকে একে শোকের দিনের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন। স্থানীয়রা বলছেন, শোক দিবসে এ ধরনের আয়োজন অনুভূতিতে আঘাত দিয়েছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবসে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারী বীর প্রতীক আব্দুল হাই সরকার বলেন, ‘এটা এক ধরনের উল্লাসের মতো দেখাচ্ছে। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি এটি অবহেলার শামিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষিত মানুষ—তাঁদের মানসিকতা নিয়ে প্রশ্ন ওঠে। শোক দিবসে কেন আলোকসজ্জা?’

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টিকে অবমাননা হিসেবে মানতে নারাজ। কুড়িকৃবির উপাচার্য অধ্যাপক ড. রাশেদুল ইসলাম বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পাসে দোয়া মাহফিল হয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ ধারণসহ দোয়া মাহফিলও করা হয়েছে। আলোকসজ্জার দায়িত্বে থাকা ব্যক্তিরা মূলত আলো ঠিকমতো জ্বলছে কি না, সেটি পরীক্ষা করছিলেন।’

আলোকসজ্জা কেন তখনও জ্বলছিল—এ প্রশ্নের জবাবে উপাচার্য পরিষ্কার কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে। অনেকেই শোক দিবসে এমন দৃশ্যকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করছেন।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম