মিসেস থিতিপর্ন চিরাসাওয়াদি রবিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশ–থাইল্যান্ড দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। এর মধ্যে বিমসটেক (BIMSTEC)-এর আওতায় দুই দেশের অভিজ্ঞতা বিনিময়, থাইল্যান্ডে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধি এবং সামাজিক ও পরিবেশগত উন্নয়নে সর্বোত্তম চর্চা (বেস্ট প্র্যাকটিস) বিনিময়ের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।
বৈঠকে অনলাইন প্রতারণা ও সাইবার জালিয়াতি প্রতিরোধে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়েও মতবিনিময় হয়। এ ক্ষেত্রে বাংলাদেশ থাইল্যান্ডের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করে।
এছাড়া বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনার অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় রানং বন্দর ও চট্টগ্রাম বন্দরের মধ্যে একটি নতুন সামুদ্রিক রুট চালুর সম্ভাবনার কথাও উঠে আসে, যা বাণিজ্য ব্যয় ও পণ্য পরিবহনের সময় কমাতে, বিনিয়োগ বাড়াতে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
সাক্ষাতের শেষ পর্যায়ে থাইল্যান্ডের রাষ্ট্রদূত থাই–কাম্বোডিয়া সীমান্ত পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। তিনি সাম্প্রতিক ঘটনাবলির বাস্তব ও তথ্যভিত্তিক ব্যাখ্যা তুলে ধরেন এবং জানান, কাম্বোডিয়ান বাহিনীর কিছু কর্মকাণ্ড কুয়ালালামপুর যৌথ ঘোষণার লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে তিনি অটোয়া কনভেনশনের বাধ্যবাধকতা ভেঙে সীমান্ত এলাকায় স্থলমাইন পুঁতে রাখার বিষয়টিও তুলে ধরেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
