চুয়াডাঙ্গা বাংলাদেশের প্রথম রাজধানী এবং মুক্তিযুদ্ধের সূচনালগ্নের সাক্ষী,সেই মাটিতে বিজয় দিবস উদযাপনের অধিকার নিয়ে বিতর্ক জেলার জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মহান বিজয় দিবস উদযাপনের আগের দিন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত বিতর্কিত বিজ্ঞপ্তি জারী নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) জারি করা এ বিজ্ঞপ্তিতে জেলাজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। বিজ্ঞপ্তিতে সরাসরি ‘কোনো রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠনের ব্যানারে কোনো প্রকার বিজয় শোভাযাত্রা, শোডাউন, কনসার্ট ইত্যাদি না করার জন্য’ অনুরোধ জানানো হয়। দেশের অন্যান্য জেলায় এমন কোনো নির্দেশনা না থাকায়, চুয়াডাঙ্গার বাসিন্দারা এতে হতবাক হয়েছেন। তারা বলছেন, সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক দলগুলোও প্রতি বছর বিজয় দিবস উদযাপন করে, কিন্তু চুয়াডাঙ্গায় বিতর্কিত পদক্ষেপ নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক।
সমালোচনার সূত্রপাত মূলত নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জারি করা নির্দেশনার ভিন্ন ব্যাখ্যার কারণে। গত ১৪ ডিসেম্বর ইসি সচিবালয়ের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পত্রে বলা হয়, ‘তফসিল ঘোষণার পর ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বিধি ১৮ অনুযায়ী, প্রচারণার নির্ধারিত সময়সীমার বাইরে জাতীয়,আন্তর্জাতিক দিবস উদযাপন করা যেতে পারে। তবে সেক্ষেত্রে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত না করে এবং রিটার্নিং অফিসারের সম্মতি/অনুমতি গ্রহণ করে অনুষ্ঠান আয়োজন করতে হবে’।
কিন্তু ১৫ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের জারি করা বিজ্ঞপ্তিতে সেই ‘অনুমতি’ বা ‘শর্তাধীনে বিজয় দিবস উদযাপনের বিষয়টি উল্লেখ না করে সরাসরি ‘শোভাযাত্রা, শোডাউন, কনসার্ট ইত্যাদি না করার জন্য অনুরোধ’ জানানো হয়। এই সরাসরি নিষেধাজ্ঞামূলক ভাষাই বিতর্কের মূল কারণ।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘১৬ ডিসেম্বর শুধু জাতীয় দিবস নয়, আমাদের গৌরবের দিন। এই দিনে দলীয়ভাবেও কর্মসূচি পালিত হয়ে আসছে। এটি নির্বাচনী আচরণবিধির লংঘন নয়, যা নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে স্পষ্ট আছে। জেলা প্রশাসকের এ ধরনের নির্দেশনার মাধ্যমে বিজ্ঞপ্তি জারি কতটুকু সংগতিপূর্ণ তা তিনিই ভাল বলতে পারবেন। আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে শতভাগ নিরপেক্ষতা কামনা করি।’
বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি রুহুল আমিন বলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটা অপরিপক্ক। সরকারীভাবে নেয়া কোন সিদ্ধান্ত সারা দেশে একই রকম হতে হবে। এই বিজ্ঞপ্তি জারি অন্যায় হয়েছে। এতে করে এ জেলায় সর্ব শ্রেণী পেশার মানুষের আড়ম্বরের সাথে বিজয় দিবস উদযাপন বাধাগ্রাস্থ হয়েছে,যা আমরা এ জেলার মানুষ হিসেবে কখনো দেখিনি।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘যেহেতু চতুর্দিকে আইনশৃঙ্খলা ভঙ্গের নানা রকমের ঘটনা ঘটছে। ইতোমধ্যে ঢাকাসহ বিভিন্ন জেলাতে গুলিবিদ্ধ হচ্ছে এবং মারামারিও হচ্ছে। এখন যদি সকল রাজনৈতিক দল যার যার মতো করে মিছিল নিয়ে বের হয়, তাহলে তো সমূহ সম্ভাবনা থাকে সংঘর্ষে লিপ্ত হওয়ায়। যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য আমরা আগেভাগেই অনুরোধ করেছি, যে আপনারা রাজনৈতিক ব্যানারে শোভাযাত্রা নিয়ে বের হবেন না। পূর্ব সাবধানতার বিষয়টি মাথায় রেখে আমরা অনুরোধ করেছি। এটা অন্য কিছু নয়। এমন নয় যে,আমরা কোনো পক্ষকে বের হতে বলেছি, আর কোনো পক্ষকে নিষেধ করেছি। সবাইকেই শান্তি-শৃঙ্খলার স্বার্থে অনুরোধ করেছি।’
তবে জেলা প্রশাসকের এই ‘পূর্ব সাবধানতার’ যুক্তিকে অনেকেই ‘জাতীয় দিবস উদযাপনের অধিকার খর্ব করা’ হিসেবে দেখছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
