ঢাকা, ৩০ মে ২০২৬, শনিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ায় ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানাল ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস

বিশ্ব | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,ঢাকা ।

(৪ মাস আগে) ১০ জানুয়ারি ২০২৬, শনিবার, ১০:৩৯ পূর্বাহ্ন

banglahour

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথগ্রহণকারী ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। এক বিবৃতিতে দূতাবাস জানায়, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে অভিজ্ঞ কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে কাজ করতে তারা আগ্রহী।

শপথগ্রহণের পর দেওয়া এক প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে পুনরায় ফিরে আসতে পেরে গভীর আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন,
যে দেশটির সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দিতে পেরে আমি উচ্ছ্বসিত।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন আরও বলেন, তার মূল লক্ষ্য হবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ককে আরও দৃঢ় করা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে সহযোগিতা বাড়ানো এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক অগ্রাধিকার বাস্তবায়নে কাজ করা।
প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তোলার লক্ষ্যে আমি এই দায়িত্ব পালন করব,—যোগ করেন তিনি।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশ সম্পর্কে গভীর অভিজ্ঞতা ও বাস্তব জ্ঞান রাখেন, যা দুই দেশের কূটনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার নেতৃত্বে বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা সহযোগিতা, উন্নয়ন অংশীদারিত্ব এবং জনগণের মধ্যে যোগাযোগ আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ব্রেন্ট ক্রিস্টেনসেন এর আগেও বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ফলে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতা সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা রয়েছে।

বিশ্লেষকদের মতে, নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, শ্রম অধিকার, গণতন্ত্র ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দুই দেশের মধ্যে সংলাপ ও সহযোগিতা আরও জোরদার হতে পারে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯