ঢাকার ধামরাই উপজেলায় শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানো ও বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধের লক্ষ্যে শিক্ষা উপকরণ (স্কুল সোয়েটার) বিতরণ করেছে স্টুডেন্ট এসোসিয়েশন অফ ধামরাই অ্যালামনাই।
শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের সাঈদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর হাতে এসব শিক্ষা উপহার তুলে দেওয়া হয়।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শিক্ষা জাতির অগ্রগতির মূল ভিত্তি। শিশুদের নিয়মিত বিদ্যালয়মুখী করতে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও ধামরাইয়ের শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যাবে স্টুডেন্ট এসোসিয়েশন অফ ধামরাই অ্যালামনাই।
শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, নতুন সোয়েটার তাদের স্কুলে যাওয়ার আগ্রহ আরও বাড়াবে। অভিভাবকরাও সংগঠনের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টুডেন্ট এসোসিয়েশন অফ ধামরাই (SAD) অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (উপায়) এর সহকারী পরিচালক মামুন রেজা খান, কোষাধ্যক্ষ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আরিফ উদ্দিন, পাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) মো. ওয়াহিদুজ্জামান, ধামরাই প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাঈদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম হোসাইনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
