টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষক কর্তৃক আরেক শিক্ষককে গলা চেপে ধরার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা ক্লাস বর্জন করে প্রতিবাদ জানিয়েছেন।
অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল মিয়া সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান সংগ্রাম-এর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে শারীরিক হামলা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, গত ১৩ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষের সামনে শিক্ষকরা একটি অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান সংগ্রাম হঠাৎ করে বাবুল মিয়ার ওপর হামলা চালান এবং মাটিতে ফেলে দেওয়ার চেষ্টা করে তার গলা চেপে ধরেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তিনি বিদ্যালয় থেকে বের করে দেওয়া এবং হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেন।
এ ঘটনায় বিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে অন্যান্য শিক্ষকরা ক্লাস বর্জন করে প্রতিবাদ জানান।
এটি প্রথম ঘটনা নয় বলে জানা গেছে। এর আগে ২০২২ সালের মার্চ মাসে এক শিক্ষার্থীকে অশালীন ভাষায় গালিগালাজ এবং তার বাবা-মাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয় এবং ওই শিক্ষকের শাস্তির দাবি তোলে। সে সময় একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
ভুক্তভোগী শিক্ষক বাবুল মিয়া জানান, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি দুই মিনিটের মধ্যে বিদ্যালয় ত্যাগ না করলে কঠোর পরিণতির হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের শিক্ষকরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পরিস্থিতির কারণে সাময়িকভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়।
অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত শিক্ষক হাবিবুর রহমান সংগ্রাম বলেন, “অভিযোগপত্রে বিষয়টি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। পরে শিক্ষকদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়েছে।”
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, “বিষয়টি অবগত হয়েছি, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, “এটি দুঃখজনক ঘটনা। অভিযোগের সত্যতা পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
