খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শেষ পর্যন্ত জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই সফলভাবে প্রতিষ্ঠা পাবে। এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে সক্রিয়ভাবে কাজ করতে হবে।
তিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র রক্ষায় তাঁর আপোষহীন নেতৃত্ব এবং দেশ ও জাতির জন্য তাঁর ত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বুধবার (১৪ জানুয়ারি) পাইকগাছা উপজেলার দেলুটি ও সোলাদানা ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মনিরুল হাসান বাপ্পী বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, বাংলাদেশের আপামর মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। যদি জনগণ তাঁকে ভুলে যেত, তাহলে তাঁর জানাজায় লাখো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করত না। তাঁর জানাজা শুধু গণমাধ্যমেই নয়, মানুষের স্মৃতিতেও ইতিহাস হয়ে আছে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শুরু হওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে বাস্তব রূপ নেবে।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খায়রুল ইসলাম খান জনি, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব এস এম ইমদাদুল হক ও খন্দকার ফারুক হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন দেলুটি, লতা ও সোলাদানা ইউনিয়ন বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, ওলামাদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শরিফুল ইসলাম।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
