দিনাজপুরের হাকিমপুর উপজেলায় গোবিন্দপুর গুমড়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় কর্মচারী নিয়োগে বড় অঙ্কের ঘুষ-বাণিজ্যের অভিযোগে আদালতে মামলা হয়েছে। চারটি পদে নিয়োগকে কেন্দ্র করে প্রায় ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
গত ১২ জানুয়ারি হাকিমপুর সিভিল জজ আদালতে ভুক্তভোগী প্রার্থীরা মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ০১/২৬। এতে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকসহ মোট ১২ জনকে বিবাদী করা হয়েছে। বিবাদীদের মধ্যে রয়েছেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং নিয়োগপ্রাপ্ত চার কর্মচারী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর মাদ্রাসার চারটি পদে নিয়োগের জন্য আবেদন করেন আসাদুজ্জামান তামিম (নৈশপ্রহরী), মৌসুমী আক্তার (আয়া), সাজ্জাদ হোসেন (পরিচ্ছন্নতাকর্মী) ও আব্দুল ওয়াজেদ পারভেজ (নিরাপত্তাকর্মী)। আবেদন করার পর মাদ্রাসার সভাপতি বিভিন্ন মাধ্যমে বাদীদের সঙ্গে দেখা করার উদ্যোগ নেন। একপর্যায়ে সাক্ষাতে সভাপতি প্রত্যেক প্রার্থীর কাছে ১৫ লাখ টাকা করে দাবি করেন বলে অভিযোগ করা হয়। টাকা না দিলে চাকরি দেওয়া হবে না—এমন বক্তব্যে হতাশ হয়ে পড়েন বাদীরা।
বাদীরা মামলায় উল্লেখ করেন, বিধি অনুযায়ী প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগের অনুরোধ জানালে সভাপতির পক্ষ থেকে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। পরবর্তীতে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র পেয়ে তারা দেখতে পান, পরীক্ষাকেন্দ্র হিসেবে মাদ্রাসার পরিবর্তে সভাপতির বাড়ির পাশের একটি স্কুল নির্ধারণ করা হয়েছে, যা নিয়োগ বিধির পরিপন্থী।
অভিযোগে আরও বলা হয়, পরীক্ষার দিন বাদীরা নির্ধারিত প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়ার দাবি জানালে তাদের ভয়ভীতি দেখানো হয় এবং পরীক্ষায় অংশ না নিলে মোবাইল কোর্টে শাস্তি দেওয়ার হুমকি দেওয়া হয়। এ অবস্থায় তারা পরীক্ষায় অংশ নিতে বাধ্য হন। পাশাপাশি পরীক্ষার আগের রাতে অবৈধভাবে নির্বাচিত প্রার্থীদের কাছে প্রশ্নপত্র সরবরাহ করা হয় এবং পূর্বনির্ধারিত ফলাফলের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়।
ভুক্তভোগী প্রার্থীরা জানান, পুরো নিয়োগ প্রক্রিয়াটি অবৈধ, বিধিবহির্ভূত ও সাজানো। তারা এই নিয়োগ বাতিল করে স্বচ্ছভাবে পুনরায় নিয়োগ পরীক্ষা নেওয়ার দাবি জানান।
মাদ্রাসার সুপার মোজাহার আলী বলেন, নিয়োগ পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয় এবং প্রতিটি পদে ১৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকার বিনিময়ে সভাপতির পছন্দের প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এই নিয়োগ মানেন না এবং নিয়োগপ্রাপ্তদের মাদ্রাসায় যোগদান ও হাজিরা দিতে দেননি বলেও জানান।
অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার সভাপতি আব্দুর রাজ্জাক দাবি করেন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ছিল এবং কোনো অনিয়ম বা ঘুষ লেনদেন হয়নি। কেউ প্রমাণ দিতে পারলে তিনি সভাপতির পদ ছাড়তে প্রস্তুত বলেও জানান।
এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক কুমার বিক্রম বলেন, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
