নতুন নেতৃত্ব গড়ে তোলা এবং জেলার উন্নয়নে তরুণদের চিন্তা ও প্রস্তাবনা তুলে ধরার লক্ষ্যে পঞ্চগড়ে শুরু হয়েছে দুইদিনব্যাপী ‘ইয়থ পার্লামেন্ট পঞ্চগড়-১’ বিতর্ক উৎসব। সংসদীয় আসন পঞ্চগড়-১ এর আওতাধীন আটোয়ারী, পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার প্রায় ২৫০ জন তরুণ বিতার্কিক এ আয়োজনে অংশগ্রহণ করছেন। তারা নিজ নিজ ইউনিয়ন ও ওয়ার্ডের প্রতিনিধিত্ব করছেন।
সংসদীয় ধাঁচের এই বিতর্কে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার ভূমিকায় অংশ নিচ্ছেন দুইজন শিক্ষার্থী। স্পিকারের দায়িত্ব পালন করছেন আহসানিয়া মিশন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রভাষক আশরাফুল ইসলাম রনি। ডেপুটি স্পিকার হিসেবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হল ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি শারমিন সুলতানা নিশি।
শুক্রবার সকালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রিনা পারভীন।
আয়োজক সূত্রে জানা গেছে, পঞ্চগড়-১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের অনুপ্রেরণা ও সহযোগিতায় এই বিতর্ক উৎসবের আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে তরুণদের বিভিন্ন মতামত ও প্রস্তাবনা সংগ্রহ করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
দিনব্যাপী নানা পর্বে চলমান এই উৎসব আগামীকাল বিকেলে শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় রয়েছে পঞ্চগড় পাইওনিয়ারস। নলেজ পার্টনার হিসেবে যুক্ত রয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং ভলান্টিয়ার পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছে ক্রিয়েটিভ সায়েন্স অলিম্পিয়াড বাংলাদেশ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
