আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
তিনি বলেন, ধানের শীষ কেবল বিএনপির প্রতীক নয়, এটি জনগণের অধিকার পুনরুদ্ধার এবং টেকসই উন্নয়নের প্রতীক। গত দেড় দশকের দুঃশাসন থেকে মুক্তি এবং সিলেটে সুষম উন্নয়ন নিশ্চিত করতে খন্দকার আব্দুল মুক্তাদিরের বিকল্প নেই।
রোববার বিমানবন্দর থানা বিএনপির উদ্যোগে খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে আম্বরখানা, চন্দনটুলা ও দরগাহ গেইট এলাকায় লিফলেট বিতরণ শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির এ আহ্বান জানান।
পথসভায় বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক সাবেক কাউন্সিলর আব্দুল কাদির সমছু’র সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান। এছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি নাসিম চৌধুরী, স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ তুহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
