আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ হারুন অর রশিদ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রবিবার বিকেলে পাংশা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলন ও মুক্তিযোদ্ধা সমাবেশে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিক ও সংসদ সদস্য প্রয়াত সিরাজুল ইসলাম মৃধার সহধর্মীনি সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদা সিরাজী, বিএনপি ও এ্যাড. মোঃ আসলাম মিয়া, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধা।
ইশতেহারের মূল বিষয়বস্তু:
হারুন অর রশিদের নির্বাচনী ইশতেহার ১২টি অগ্রাধিকারমূলক পরিকল্পনা অন্তর্ভুক্ত করে, যার মধ্যে রয়েছে:
ফ্যামিলি কার্ড: প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারের জন্য নিরাপত্তা এবং সহায়তা।
কৃষক কার্ড: কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বিমা এবং বাজারজাতকরণ।
স্বাস্থ্যখাত উন্নয়ন: এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ, মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ।
শিক্ষা ও কর্মসংস্থান: আনন্দময়, কর্মমুখী শিক্ষাব্যবস্থা, প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, প্রযুক্তি সহায়তা, মিড-ডে মিল, তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তা।
ক্রীড়া ও যুবকল্যাণ: জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সম্প্রসারণ।
পরিবেশ ও জলবায়ু সচেতনতা: নদী ও খাল খনন, ২০ হাজার কিলোমিটার নদী-খাল পুনঃখনন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা।
ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি: সব ধর্মের উপাসনালয়ে সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা।
স্থানীয় অবকাঠামো উন্নয়ন, পেয়াজ সংরক্ষণসহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগ।
হারুন অর রশিদের বক্তব্য:
তিনি বলেন, “এই ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়; এটি একটি নতুন সামাজিক চুক্তির ঘোষণা। বিএনপি প্রতিশোধ নয়, ন্যায় ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাস করে। ক্ষমতা নয়, জনগণের অধিকারই আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দু। ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনলে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে ভোটের মর্যাদা থাকবে, সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যের অবসান হবে, আইনের উর্ধ্বে কেউ থাকবে না; লুটপাট নয়, উৎপাদন; ভয় নয়, অধিকার; বৈষম্য নয়, ন্যায্যতা—এই নীতিতেই রাষ্ট্র পরিচালিত হবে।”
হারুন অর রশিদ আশ্বাস দেন, তার নেতৃত্বে বাংলাদেশে জনগণের কল্যাণ ও ন্যায্যতা প্রতিষ্ঠা করা হবে এবং প্রতিটি নাগরিক গর্বের সঙ্গে বলতে পারবে—“আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
