ঢাকা-৬ আসনের অন্তর্গত রাজধানীর সূত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতে ইসলামীর থানা নায়েবে আমির মো. হাবিবকে আটক করেছে স্থানীয় জনগণ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সূত্রাপুর কমিউনিটি সেন্টার সংলগ্ন ভোটকেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সূত্রাপুর থানার ৪৪ নম্বর ওয়ার্ডের একটি চাউলের দোকানে ভোটারদের কাছে নগদ অর্থ প্রদান করছিলেন মো. হাবিব। এ সময় বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে যাচাই-বাছাই করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মো. হাবিবকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
ঘটনার পর এলাকাবাসী এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। তারা বলেন, ভোট কেনাবেচা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
