পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে ৪১৮টি কেন্দ্রে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। বর্তমানে ভোট গণনা চলছে।
তিনটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারের নির্বাচনে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ভোটকেন্দ্রগুলোতে ছিল উৎসবের আমেজ। দীর্ঘদিন পর স্বাধীনভাবে ভোট দিতে পেরে অনেক ভোটার স্বস্তি প্রকাশ করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের কারণে জেলার কোথাও উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পিরোজপুর পৌরসভার সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ২ হাজার ৪৪৩ ভোটের মধ্যে ১ হাজার ৪১৮ ভোট কাস্ট হয়েছে, যা মোট ভোটের প্রায় ৬০ শতাংশ।
নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি আসনের ৪১৮টি কেন্দ্রে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার ও কোস্টগার্ডসহ ৮ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালন করেন ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমদ সিদ্দিকী বলেন, “তিনটি আসনেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সারাদিন আইনশৃঙ্খলা বাহিনী ভোটকে নিরাপদ ও সুষ্ঠু রাখতে তৎপর ছিল। ফলে ভোট শেষ হওয়া পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
