নেত্রকোণা: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশ উদার সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সাম্প্রদায়িকতা ও উগ্রবাদের কোনো স্থান নেই। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাংলাদেশের সংবিধানের মূলমন্ত্র।মহান মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত বর্তমান সরকার উগ্রবাদ ও সাম্প্রদায়িক অপশক্তিকে সমূলে উৎপাটন করতে বদ্ধপরিকর। সাম্প্রদায়িক, জঙ্গীবাদী ও সন্ত্রাসী শক্তিকে সমূলে উৎখাত ও সকল স্তরে প্রতিহত করতে হবে।

মন্ত্রী বুধবার (১৫মার্চ) নেত্রকোণায় বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প আয়োজিত উগ্রবাদ প্রতিরোধ ও সাইবার অপরাধ দমনে শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীর ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল প্লাটফর্মে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে পরিচালিত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ নানা প্রকার উস্কানী, অপপ্রচার ও গুজব প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্র, শিক্ষক অভিভাবক এবং গণমাধ্যম কর্মীদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান।
নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে, ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নাজমুল ইসলাম, বিপিএম. শিক্ষাবীদ মতীন্দ্র সরকার এবং নেত্রকোণা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোখলেছুর রহমান খান বক্তৃতা করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
