রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পতেঙ্গা ছড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের একটি দল এ অভিযান পরিচালনা করে।
জানা যায়, মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)-এর দিকনির্দেশনায় জোনের সহকারী পরিচালক এডি হাফিজুর রহমানের নেতৃত্বে মারিশ্যা-দিঘিনালা সড়কের ২ কিলোমিটার এলাকায় পতেঙ্গা ছড়ায় বিজিবির একটি চৌকস দল অবস্থান নেয়।
এ সময় মোটরসাইকেলে করে দুই পাচারকারী সিগারেট নিয়ে যাওয়ার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে দ্রুত জঙ্গলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ৬৫ কার্টুনে মোট ৬৫০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৯৫ হাজার টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকায় চোরাকারবারিদের তৎপরতা রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
