খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ১৫ মার্চ তাকে খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।
সোমবার (১৬ মার্চ) দুপুর ৩টায় তিনি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। এ সময় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু উপস্থিত ছিলেন।
মনিরুল হাসান বাপ্পী গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থীর কাছে পরাজিত হন।
জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, নতুন দায়িত্ব পালনে নিজের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে খুলনা জেলা পরিষদকে নতুনভাবে গতিশীল করার চেষ্টা করবেন। পাশাপাশি বর্তমান সরকারের গ্রামীণ জনগোষ্ঠীর জন্য বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম আরও কার্যকরভাবে পৌঁছে দিতে কাজ করবেন।
দায়িত্ব গ্রহণের খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা জেলা পরিষদ কার্যালয়ের সামনে জড়ো হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
