প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৬৮৭ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে ৫ হাজার টাকা করে অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার পরিচ্ছন্নতাকর্মীদের হাতে এই অনুদান তুলে দেন।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী সচিব এস এম মিকাইল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ ইসলাম, প্রধান বর্জ্য কর্মকর্তা শিরিন সুলতানাসহ অন্যান্য কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা।
এসময় প্রশাসক রোকনুজ্জামান সরকার বলেন, মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং পরিচ্ছন্নতাকর্মীদের উৎসাহিত করতেই প্রধানমন্ত্রী এ অনুদান প্রদানের উদ্যোগ নিয়েছেন। তিনি জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্ন ও মশামুক্ত নিরাপদ নগরী গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি উপস্থিত পরিচ্ছন্নতাকর্মীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
