দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সিংড়ার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি লাঙ্গুলিয়া কাজলকোঠা বিল থেকে বাদেকলমোহনা পর্যন্ত প্রায় ৫.৮ কিলোমিটার খাল পুনঃখনন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। একই কর্মসূচি গৌরীপুর উপজেলাতেও পালিত হয়েছে।
উদ্বোধনের পর প্রতিমন্ত্রী বৃক্ষরোপণ করেন, খালে মাছের পোনা অবমুক্ত করেন এবং খনন কাজে অংশ নেন। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার নেতৃত্বে পর্যায়ক্রমে সবগুলো বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে খাল খনন কর্মসূচি, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
স্থানীয় কৃষক ও এলাকাবাসী দীর্ঘদিন পর খাল খনন কার্যক্রমে উচ্ছ্বাস প্রকাশ করে জানান, খালটি ভরাট হয়ে যাওয়ায় প্রতি আমন মৌসুমে প্রায় ৫০০ থেকে ৬০০ একর জমির ধানক্ষেত পানিতে তলিয়ে যেত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তাগাছা আসনের এমপি মোহাম্মদ জাকির হোসেন বাবলু, সদর আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ, জেলা প্রশাসক সাইফুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতা এবং পুলিশ-প্রশাসনের কর্মকর্তারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
