আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার দুঃস্থ ও দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পৃথক অনুষ্ঠানে এসব সহায়তা আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের হাতে তুলে দেন সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। দায়িত্বপ্রাপ্তরা ঈদের আগেই এসব সহায়তা প্রকৃত উপকারভোগীদের মাঝে পৌঁছে দেবেন।
সহায়তার মধ্যে রয়েছে ১০ লাখ টাকা এবং ৭০০টি শাড়ি, থ্রি-পিস ও রুমাল।
গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন।
দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো তার সরকারের মানবিক উদ্যোগের অংশ।
তিনি আরও বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি এ দুই উপজেলার কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।
পরে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আরেকটি অনুষ্ঠানে একইভাবে মানবিক সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানগুলোতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
