কিশোরগঞ্জে পাসপোর্ট অফিসে দালাল ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করায় লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল মিয়াকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলামের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, দালালচক্রের বিরুদ্ধে সরব হওয়ায় বাবুল মিয়াকে তার দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। এতে তার হাত-পা ভেঙে যায় বলে দাবি করেছেন স্থানীয়রা।
এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘লতিবাবাদ ইউনিয়নবাসী’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পাসপোর্ট অফিসে দালালচক্র দীর্ঘদিন ধরে সক্রিয় থাকলেও তাদের বিরুদ্ধে কথা বলায় বাবুল মিয়ার ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। তারা অবিলম্বে অভিযুক্ত শহীদুল ইসলামের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় বক্তারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
