ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সুন্দরবনে পৃথক অভিযানে অস্ত্রসহ ২ দস্যু আটক, ৩ জেলে উদ্ধার

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৭ মাস আগে) ৩ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৭:৪১ অপরাহ্ন

banglahour

সুন্দরবনে পৃথক দুটি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। একইসঙ্গে জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা তিন জেলেকেও উদ্ধার করা হয়েছে।


শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট শেখ সাদমান বিন মাহমুদ এ তথ্য জানান।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় খুলনার দাকোপ থানার বাইনতলা খাল সংলগ্ন এলাকায় ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্ট যৌথভাবে সেখানে অভিযান চালায়।


অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি একনলা বন্দুক, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৫ পিস ইয়াবা ও নগদ ১,১০০ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের আস্তানাও ধ্বংস করা হয়েছে।


আটকরা হলেন— বাগেরহাটের শরণখোলা উপজেলার মো. সোহাগ হাওলাদার (৩৫) এবং খুলনার পাইকগাছা উপজেলার বাবুল সানা (৪২)। তারা দীর্ঘদিন ধরে দস্যু কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানায় কোস্ট গার্ড।
অন্যদিকে, পৃথক আরেক অভিযানে জোনাব বাহিনীর কবল থেকে তিন জেলেকে উদ্ধার করা হয়। কোস্ট গার্ড জানায়, গত ৩১ মার্চ সাতক্ষীরার শ্যামনগর থানার হোগলডরা খাল এলাকা থেকে একটি নৌকাসহ তিন জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে জোনাব বাহিনী।


এ তথ্যের ভিত্তিতে ১ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন হলদেবুনিয়া ও কৈখালী যৌথ অভিযান চালিয়ে জিম্মি থাকা তিন জেলেকে উদ্ধার করে। উদ্ধারকৃতরা হলেন— ইনতাজ (৫০), মোশাররফ (৪২) ও আনিস (৪৫), তারা সবাই শ্যামনগর উপজেলার বাসিন্দা।
এ সময় দস্যুদের ব্যবহৃত একটি নৌকা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি ওয়াকিটকি চার্জার, ৩টি মোবাইল ব্যাটারি ও একটি কুড়াল উদ্ধার করা হয়।


প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত দেড় বছরে কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানে বিভিন্ন দস্যু বাহিনীর ৬১ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় ৮০টি আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গোলা, ৩০৮ রাউন্ড ফাঁকা গোলা ও ১,৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করা হয়েছে। পাশাপাশি দস্যুদের কবল থেকে ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম