চুয়াডাঙ্গা জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এতে ভ্যাপসা গরম ও তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুতের ঘনঘন লোডশেডিং পরিস্থিতিকে আরও অসহনীয় করে তুলেছে, ফলে ঘরে-বাইরে কোথাও স্বস্তি মিলছে না সাধারণ মানুষের।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, শনিবার (৪ এপ্রিল) বিকাল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৬ শতাংশ। একই দিন দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৩১ শতাংশ।
এর আগে শুক্রবার (৩ এপ্রিল) বিকাল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা দেশের সর্বোচ্চ তাপমাত্রাগুলোর মধ্যে অন্যতম। ওই দিন দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (২ এপ্রিল) ও বুধবার (১ এপ্রিল) তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই তাপপ্রবাহ আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তীব্রতা বাড়ায় জনজীবন হয়ে উঠছে স্থবির। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুতের দফায় দফায় লোডশেডিং, যা মানুষের দুর্ভোগ আরও বাড়িয়েছে।
শহরের কোর্ট এলাকার স্টেশনারি ব্যবসায়ী মোমিন বলেন, “সকালের পর থেকেই রোদের তীব্রতা বেড়ে যায়। ফলে দোকান খুলতে দেরি হচ্ছে, আর ক্রেতাও কম আসছে। আগের মতো আয়-রোজগার নেই।
একই কথা জানান হাটকালুগঞ্জ এলাকার ইজিবাইক চালক খোকন। তিনি বলেন, “আগে সকাল থেকেই ভাড়া হতো, এখন গরমের কারণে মানুষ কম বের হচ্ছে। আয় কমে গেছে। এভাবে চললে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।”
তীব্র তাপপ্রবাহে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে গোটা জেলায়। বিশেষজ্ঞরা প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
