সিলেটে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। সিলেটের বিশেষায়িত হাম আইসোলেশন কেন্দ্র শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগীর চাপ ক্রমেই বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউ) সক্ষমতা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার সকাল পর্যন্ত ৪১ জন রোগী ভর্তি থাকলেও আজ শনিবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু। সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রতিদিন নতুন নতুন সন্দেহভাজন রোগী হাসপাতালে আসছেন।
সংক্রমণের চিত্র ও চিকিৎসাব্যবস্থা কেবল সিলেট নগরী নয়, সংক্রমণের বিস্তার ঘটেছে বিভাগজুড়ে।
বিভাগের একমাত্র হামের বিশেষায়িত হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের দুটি আইসোলেশন ওয়ার্ড এখন রোগীতে ঠাসা।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে হাসপাতালের অধীক্ষক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, "সংক্রমণের হার দ্রুত বাড়ছে। বর্তমানে ৫১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। জটিল রোগীদের সেবায় আমাদের ৫ বেডের আইসিইউ ইউনিটকে ১০ বেডে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।"
স্বাস্থ্য বিভাগ বলছে, আক্রান্তদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। চিকিৎসকদের মতে, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত না করা এবং স্বাস্থ্য সচেতনতার অভাবে এই প্রকোপ দেখা দিতে পারে।
সিলেটের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে তারা মাঠ পর্যায়ে কাজ করছে এবং প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
