ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আইন মানায় হুমকি, ক্ষুব্ধ ব্যবসায়ী

সারাদেশ | রাশিদুল ইসলাম রাশেদ। কুড়িগ্রাম।

(৭ মাস আগে) ৫ এপ্রিল ২০২৬, রবিবার, ৭:৫৩ অপরাহ্ন

banglahour

সরকারি নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের আগেই দোকান বন্ধ করেও হুমকি ও অপমানের শিকার হওয়ার অভিযোগ উঠেছে কুড়িগ্রাম জেলা পরিষদের এক কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।


জানা যায়, বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি ব্যবহারে সরকারের নির্দেশনা বাস্তবায়নে গত শনিবার (৪ এপ্রিল) কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ব্যবসায়ীরা নির্ধারিত সময়ের আগেই দোকান বন্ধ করেন। অভিযোগ রয়েছে, কিছুক্ষণ পর জেলা পরিষদের সহকারী কর্মকর্তা মো. আফজাল হোসেন ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং অশালীন ভাষায় কথা বলেন।


ব্যবসায়ীদের দাবি, বাজার কমিটির সভাপতি ও অন্যান্যদের সামনে ওই কর্মকর্তা হুমকি দেন এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ভয় দেখান। এতে বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়।
ঘটনার প্রতিবাদে রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা পরিষদ মার্কেটের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে অর্ধদিবস অবস্থান কর্মসূচি পালন করেন।


জেলা পরিষদ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি রিপন রহমান বলেন,
“প্রধান নির্বাহীর মদদপুষ্ট কর্মকর্তার কাছ থেকে আমরা নিয়মিত হুমকি পাচ্ছি। আইন মেনে চলতে গিয়ে যদি হয়রানির শিকার হতে হয়, তাহলে ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তায় পড়বে। আমরা নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।


এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তা ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে জেলা পরিষদ প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ব্যবসায়ীরা। তারা দ্রুত তদন্ত, দোষীদের শাস্তি এবং ভবিষ্যতে এমন আচরণ বন্ধে কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।


অভিযুক্ত সহকারী কর্মকর্তা মো. আফজাল হোসেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।


জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ ঘটনায় প্রশ্ন উঠেছে—আইন মেনে চলতে গিয়ে যদি অপমানের শিকার হতে হয়, তাহলে মাঠপর্যায়ে সরকারি নির্দেশনা বাস্তবায়ন কতটা কার্যকর ও নিরাপদ? প্রশাসনের দায়িত্বশীলতা ও ক্ষমতার অপপ্রয়োগের সীমারেখা কোথায়—তা নিয়েও জনমনে আলোচনা তৈরি হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম