রাঙ্গামাটির লংগদুতে পানি সংকট নিরসনে সেনা জোনের মানবিক উদ্যোগে রসুলপুর এলাকায় আরো একটি ডিপ টিউবওয়েল স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে লংগদু উপজেলার রসুলপুর এলাকায় সেনা জোনের তত্ত্বাবধানে এবং ইউএনডিপি'র সহায়তায় স্থানীয় জনগণের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিতকরণ ও পানি সংকট নিরসনের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আরো একটি টিউবওয়েল স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
উক্ত কার্যক্রম লে: কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি, জোন কমান্ডার, লংগদু জোনের সার্বিক দিক নির্দেশনায় ক্যাপ্টেন রাফিউল হাসান রাফাত, লংগদু জোন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
ডিপ টিউবওয়েল স্থাপনের ফলে উক্ত এলাকার প্রায় ১২০টি পরিবার নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পাবে, যা জনস্বাস্থ্য সুরক্ষা এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনকালে ক্যাপ্টেন রাফিউল হাসান রাফাত উপস্থিত স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন এবং পানি ব্যবহারের সঠিক পদ্ধতি ও টিউবওয়েলের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, লংগদু জোন নিয়মিতভাবে ডিপ টিউবওয়েলসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই উদ্যোগও সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ, যা সেনাবাহিনী ও স্থানীয় জনগণের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করা যায়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
