ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে 'কন্যা সাহসিকতা' পুরস্কারে ভূষিত পিরোজপুরের তহমিনা

সারাদেশ | মো. মিজানুর রহমান। পিরোজপুর প্রতিনিধি।

(৪ মাস আগে) ২২ এপ্রিল ২০২৬, বুধবার, ৬:১৩ অপরাহ্ন

banglahour

লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য বাল্যবিবাহ ঠেকাতে থানায় আশ্রয় নেওয়া পিরোজপুরের  জিয়ানগর উপজেলার এসএসসি পরীক্ষার্থী তহমিনা আক্তার (১৭) কে 'কন্যা সাহসিকতা' পুরস্কারে ভূষিত করেছে পিরোজপুর জেলা প্রশাসন।


বুধবার(২২ এপ্রিল)  পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর -রাজ্জাক- সাইফ মিজান সম্মেলন কক্ষে  আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ তহমিনা আক্তারকে 'কন্যা সাহসিকতা' সম্মাননা স্মারক, সার্টিফিকেট ও তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
তহমিনা জিয়ানগর উপজেলার সেতারা স্মৃতি সরকারি বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। তিনি উপজেলার ইন্দুরকানী ইউনিয়নের চাড়াখালি গ্রামের আলম হাওলাদার ও আনোয়ারা বেগম দম্পতির পাঁচ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ।


পরীক্ষার মাত্র চারদিন পূর্বে (১৭ এপ্রিল) তহমিনার দরিদ্র বাবা-মা এক প্রবাসীর সাথে তার বিয়ের দিন ঠিক করে।কিন্তু বিয়েতে অসম্মতি জানায় তহমিনা।তবে পরিবারের চাপে অতিষ্ঠ হয়ে বাল্য বিবাহ থেকে রক্ষা পেতে ঐদিন  তিনি জিয়ানগর থানায় গিয়ে  আশ্রয় নেন। পরে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় তার বাল্যবিবাহ স্থগিত করা হয় এবং এ বিষয়ে তার বাবা মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মনিকা আক্তার, জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো.হাফিজুর রহমানসহ তহমিনার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, তহমিনা যে সাহসিকতা দেখিয়েছে তা সত্যিই অনুকরণীয়। তার এই পদক্ষেপ অন্য মেয়েদেরও বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হতে উৎসাহিত করবে।
তিনি আরও বলেন,নারী শিক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।বাল্যবিবাহের কারণে শিক্ষার্থীর ঝড়ে পড়া রোধে জেলা প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম